কোচবিহার , ২২ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহার সফরে এলেন শুভেন্দু অধিকারী । মঙ্গলবার কোচবিহার বিমানবন্দরে পৌঁছে সড়কপথে তিনি যান ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে । সেখানে পুজো ও অঞ্জলি দেওয়ার পর রবীন্দ্র ভবনে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী ।
প্রশাসনিক বৈঠকে জেলার পরিকাঠামো , যোগাযোগ ব্যবস্থা , পর্যটন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকারিকদের সঙ্গে । আগামী এক বছরের মধ্যে কোচবিহারবাসীর প্রত্যাশা পূরণে একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী , সে বিষয়ে আশ্বাস দেন তিনি ।
এর জন্য বিভিন্ন প্রকল্পের ডিপিআর প্রস্তুত করা হয়েছে এবং পরিকল্পনা ও অর্থ বরাদ্দের প্রক্রিয়াও এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ।
কোচবিহার বিমানবন্দরকে কেন্দ্রীয় ‘উড়ান’ প্রকল্পের আওতায় আনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়ন , জেলার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে কোচবিহারকে আরও গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই কোচবিহার শহর জুড়ে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় । মুখ্যমন্ত্রীর এই প্রথম জেলা সফরকে ঘিরে প্রশাসনিক মহলেও ছিল এদিন বিশেষ ব্যস্ততা।

