September 19, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Meeting : পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক

দার্জিলিং , ১৯ সেপ্টেম্বর : দার্জিলিং ও কালিম্পং জেলার পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ রিভিউ মিটিং করল রাজ্য সরকার। বৈঠকে আবাস যোজনা সহ একাধিক গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজের বর্তমান পরিস্থিতি , সমস্যার জায়গা এবং কাজের গতি বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান , পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় এই ধরনের রিভিউ মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে । আগামীকাল আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বৈঠকের কথা রয়েছে । এদিনের বৈঠকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব থেকে শুরু করে একাধিক দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

মন্ত্রী জানান , আবাস যোজনা সহ গরিব কল্যাণের বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে , কোথায় কী সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা , তা নিয়ে বিডিওদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে । তবে কর্মীসংক্রান্ত সমস্যা এবং দীর্ঘদিনের বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে । প্রতিটি ব্লকের বিডিওর সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে | আগামী দু-এক দিনের মধ্যেই পঞ্চায়েতভিত্তিক , এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজের পারফরম্যান্স আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন । বিশেষ করে ডুয়ার্স ও পাহাড়ের গরিব মানুষের জীবনযাত্রার পরিবর্তনের লক্ষ্যে যে প্রকল্পগুলি চলছে , তার সুফল যাতে মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে ।


পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও উঠে আসে বৈঠকে । মন্ত্রী জানান , এবার প্রায় ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিটের ব্যবস্থা করা হবে । পাহাড়ের জিটিএ তেও দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *