November 5, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের হদিস , গ্রেপ্তার ৯

শিলিগুড়ি , ৫ নভেম্বর : আন্তর্জাতিক ইন্টারনেট টেলিফোনির মাধ্যমে বিদেশি গ্রাহকদের প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার একটি রেসর্টের গ্রিন ১ ব্লক এফের ১০৩ নম্বর ঘরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৭টি ল্যাপটপ , ২০টি মোবাইল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,বুধবার রাত প্রায় ১০ টা ৫ মিনিট নাগাদ খবর আসে ওই ভাড়া বাড়িতে কোনও বৈধ অনুমোদন ছাড়াই একটি আন্তর্জাতিক ইন্টারনেট টেলিফোনি কল সেন্টার চালানো হচ্ছে । খবর পেয়ে মাটিগাড়া থানার আইসির নির্দেশে পুলিশের একটি বিশেষ দল রাত প্রায় ১০ টা ৫০ মিনিট নাগাদ সেখানে অভিযান চালায় । ঘরে ঢুকে পুলিশ দেখতে পায়, একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে কাজ করছে ।

পুলিশের পক্ষ থেকে কল সেন্টার পরিচালনার বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হলে উপস্থিত ব্যক্তিরা কোনও অনুমোদনপত্র দেখাতে পারেনি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান ,ইন্টারনেট প্রোটোকল (আইপি) টেলিফোনির মাধ্যমে বিদেশি গ্রাহকদের ফোন করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তাদের । মূলত আমেরিকার গ্রাহকদের ফোন করে নির্দিষ্ট স্ক্রিপ্টের মাধ্যমে প্রতারণা করার প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ । পুলিশ সূত্রে খবর প্রায় ছয় মাস ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল । তাদের কাজের তদারকি করত ‘আরিফ ভাই’ নামে গুজরাটের এক ব্যক্তি । ওই ব্যক্তির নির্দেশেই বিদেশি গ্রাহকদের ফোন করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হল রবি সিং (২৩) ,অরিন্দম সিং রায় (২৭),অ্যাগনেস এসাকে (২৪),ভরত শর্মা (২৫),ইরশাদ আহমেদ (২৭),শুভম শর্মা (২৩),মৌসিন আনসারি (৩০),নলিন সিং (২৯) ও রেহান খান (২২) । ধৃতদের মধ্যে পশ্চিমবঙ্গ , রাজস্থান ও বিহারের বাসিন্দাও রয়েছে ।

তাদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের আর্থিক লেনদেন , বিদেশে যোগাযোগ সহ মূল পরিচালনাকারীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ । ঘটনার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *