শিলিগুড়ি , ২৯ জুন : শহরের বেআইনি নির্মাণ রুখতে ফের কড়া অবস্থান নিল শিলিগুড়ি পুরনিগম । পুর কমিশনার বিক্রম রাই নিজে বিভিন্ন এলাকায় গিয়ে নির্মীয়মাণ একাধিক বিল্ডিং পরিদর্শন করছেন গত কয়েকদিন থেকে । পরিদর্শনের সময় নির্মাণের অনুমোদিত নকশা , বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয় ।
যেখানে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বা প্রাথমিক অসঙ্গতি ধরা পড়েছে , সেখানে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে তার তরফে | প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পুর কমিশনার স্পষ্ট জানিয়েছেন , শহরের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে কোনও বেআইনি নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না ।
তিনি বলেন , পুরনিগমের অনুমোদিত নকশা মেনে নির্মাণ করা বাধ্যতামূলক । কেউ যদি নিয়ম ভেঙে অতিরিক্ত নির্মাণ করে , অনুমতি ছাড়া কাজ চালিয়ে যায় বা অন্য কোনওভাবে বিল্ডিং রুলস লঙ্ঘন করে , তাহলে আইন অনুযায়ী নোটিস , জরিমানা , এমনকি প্রয়োজনে ভাঙার মতো পদক্ষেপও নেওয়া হবে ।
পুরনিগম সূত্রে জানা গেছে , আগামী দিনেও এই ধরনের পরিদর্শন ও অভিযান নিয়মিত চলবে । শহরের বিভিন্ন ওয়ার্ডে বেআইনি নির্মাণের অভিযোগ পেলেই দ্রুত তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
পুর কমিশনার বিক্রম রাই শহরবাসীর কাছেও আবেদন করেছেন , কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লে তা পুরনিগমকে জানাতে । নাগরিকদের সহযোগিতায় একটি পরিকল্পিত , নিরাপদ ও নিয়ম মেনে গড়ে ওঠা শিলিগুড়ি তৈরির লক্ষ্যেই এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি ।

