শিলিগুড়ি , ২ নভেম্বর : গণতন্ত্র রক্ষার দাবিতে ৩ নভেম্বর শিলিগুড়িতে বিজেপির পদযাত্রা , উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | অন্যদের মধ্যে থাকবেন সুকান্ত মজুমদার সহ অন্য নেতৃত্বরা |
আগামীকাল দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই পদযাত্রা।সেখান থেকে হিলকার্ট রোড পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে কর্মসূচি।এয়ারভিউ মোড়ে ইতিমধ্যেই একটি মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।সেখান থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে সোমবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ এবং এয়ারভিউ মোড় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজি মনোজ ভার্মা।তার সঙ্গে ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা,ট্রাফিক বিভাগের আধিকারিক-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা।
গণতন্ত্র রক্ষা , নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং অরাজকতা দূর করার বার্তা নিয়ে আগামী ৩ নভেম্বর শিলিগুড়িতে পদযাত্রার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাঘাযতীন পার্ক থেকে এই পদযাত্রা শুরু হবে ।
দলীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই কর্মসূচি । এসআইআর প্রক্রিয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করাই এই পদযাত্রার অন্যতম উদ্দেশ্য।
পাশাপাশি সাধারণ মানুষকেও এই পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দল ।
এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । মঙ্গলবারের পদযাত্রায় বিজেপির শক্তি প্রদর্শনের দিকেই নজর রাজনৈতিক মহলের ।

