শিলিগুড়ি , ১০ নভেম্বর : কালীপুজোর আগে শব্দবাজি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি হয়েছিল | কিন্তু সেই নির্দেশিকা সত্ত্বেও শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে দেদার ফেটেছে শব্দবাজি । তীব্র আওয়াজে অতিষ্ঠ হয়েছেন শহরবাসী । বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর চর্চা । আর এই বিতর্কের মধ্যেই দূষণ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে সরকারের অবস্থান স্পষ্ট করলেন পর্যটনমন্ত্রী ডক্টর শংকর ঘোষ।
মন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালের ৪ নভেম্বর কালীপুজোর দিনে বায়ুদূষণের গড় সূচক (AQI) ছিল ১৩০ । সেখানে ২০২৬ সালের কালীপুজোর দিনে সেই সূচক কমে দাঁড়িয়েছে ৮৩-তে । তার দাবি অনুযায়ী , গত কয়েক বছরের তুলনায় বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ।
শুধু বায়ুদূষণ নয় , শব্দদূষণের পরিসংখ্যানও তুলে ধরেছেন পর্যটনমন্ত্রী । তার দেওয়া তথ্য অনুযায়ী , ২০২২ সালে কালীপুজোর দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শব্দের তীব্রতা ছিল ১২০ থেকে ১২৪ ডেসিবেলের মধ্যে । অন্যদিকে , ২০২৬ সালের নভেম্বর মাসে একই সময়সীমায় শব্দের তীব্রতা কমে ১০৭ থেকে ১১০ ডেসিবেলের মধ্যে এসেছে বলে দাবি করেন তিনি।
এই পরিসংখ্যানের ভিত্তিতে মন্ত্রীর বক্তব্য, সরকার পরিবর্তনের পর কালীপুজোর সময় বায়ু ও শব্দদূষণের মাত্রা কিছুটা কমেছে । তবে শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজি ফাটানোর অভিযোগ এবং তা নিয়ে নাগরিকদের ক্ষোভের মধ্যেই উঠে আসছে অন্য প্রশ্ন পরিসংখ্যানে উন্নতি হলেও বাস্তবে শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ এর প্রয়োজন ছিল |

