শিলিগুড়ি , ২৩ জুন : ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM) এর অন্তর্ভুক্ত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
কর্মীদের অভিযোগ , সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর অধীনে কর্মরতদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তারা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন ।
আন্দোলনরত কর্মীদের দাবি , শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ করেন এমন ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । তাদের দাবি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা , ওষুধ বিতরণ , ল্যাব সংক্রান্ত কাজ , চিকিৎসা পরিষেবা পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন NUHM-এর কর্মীরাও ।
রাজ্য জুড়েই একই দাবিতে পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। শিলিগুড়িতে NUHM-এর মোট ১০টি ইউনিট রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তাদের হুঁশিয়ারি , দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

