September 26, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Sound : মহালয়া থেকে উত্তরবঙ্গ জুড়ে সাউন্ড ব্যবসা বন্ধ রাখার হুঁশিয়ারি

শিলিগুড়ি , ২৬ সেপ্টেম্বর : আট দফা দাবি নিয়ে সাংবাদিক বৈঠক করল উত্তরবঙ্গ সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সরকারি নির্দেশিকা অনুযায়ী সাউন্ড সিস্টেম ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট এবং স্বচ্ছ করার দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের দাবি , ৬৫ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে , তা রাজনৈতিক কর্মসূচি , সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমস্ত ক্ষেত্রেই সমানভাবে কার্যকর করতে হবে। তাদের অভিযোগ , নিয়মের প্রয়োগ নিয়ে স্পষ্ট কিচছু না থাকায় সাউন্ড ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পেশার সঙ্গে উত্তরবঙ্গের বহু পরিবার যুক্ত। উৎসবের মরশুমে কাজ নিতে গিয়েও তারা সমস্যার মুখে পড়ছেন । নির্দিষ্ট সময়ের পর প্রশাসনের তরফে সাউন্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে আরও কিছুক্ষণ সাউন্ড চালানোর জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি সংগঠনের। তবে এখনও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ।

তাদের দাবি দ্রুত পূরণ না হলে মহালয়া থেকে উত্তরবঙ্গ জুড়ে সাউন্ড ব্যবসা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি । দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনও কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *