শিলিগুড়ি , ২৩ অগাষ্ট : দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তপন দত্তের । রবিবার রাতে জটিয়াখালির একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর ।
তার মৃত্যুর খবর রবীন্দ্রনগর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে । খবর পেয়ে রাতেই তার নিজস্ব বাসভবনে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুজয় ঘটক ও সদানন্দ দাস, তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি কুন্তল রায়, বিজেপির সুমন সরকার এবং সিপিএম নেতা উদয়ন দাসগুপ্ত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
তপন দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা সুজয় ঘটক বলেন , “দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কংগ্রেস করে এসেছি। ওনার মতো মানুষ হয় না। তার মৃত্যুতে আমরা একজন প্রিয় সহকর্মীকে হারালাম।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি কুন্তল রায় বলেন , “আমরা আমাদের এলাকার নিজের কাকুকে হারালাম। রাজনৈতিক মতাদর্শ যার যার থাকতেই পারে, কিন্তু পাড়ার একজন আপন কাকুকে হারালাম। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।”

