November 14, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Child : শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগ মহিলা থানার

শিলিগুড়ি , ১৪ নভেম্বর : পুলিশের পরিচিত ভূমিকার বাইরে গিয়ে এবার শিশুদের প্রতিভা বিকাশের মঞ্চ তৈরি করল শিলিগুড়ি মহিলা থানা । শিশু দিবস উপলক্ষে থানার উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান । যেখানে পড়াশোনার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা তুলে ধরার সুযোগ পেল এলাকার খুদে পড়ুয়ারা।

শিলিগুড়ি মহিলা থানার ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ । চিত্রাঙ্কন , নৃত্য এবং কবিতা আবৃত্তি এই তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিটি বিভাগেই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে ছোট ছোট প্রতিযোগীরা । কেউ রং-তুলির ছোঁয়ায় সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলে নিজের কল্পনার জগৎ , আবার কেউ নাচের ছন্দে কিংবা কবিতার ছন্দময় উচ্চারণে মুগ্ধ করে উপস্থিত সকলকে ।

শিশুদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। শিলিগুড়ি মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।তাকে সহযোগিতা করেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদের প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যেই পুলিশের এই বিশেষ উদ্যোগ।প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।তবে শুধু বিজয়ীরাই নয়,অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর জন্যই ছিল বিশেষ উপহার।কেক,চিপস,বিস্কুট,চকোলেট-সহ নানা সামগ্রী এবং রং পেন্সিল তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *