June 27, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা ঘটনা

Sports : উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব

শিলিগুড়ি , ২৭ জুন : নতুন সরকার গঠনের পর উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বাজেটে উত্তরবঙ্গে দুটি নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে তিনি শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেন ।


স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে খেলোয়াড় ও দর্শকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী । তার বক্তব্য , উপযুক্ত ড্রেসিং রুম , বাথরুম , আধুনিক সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত দর্শকাসনের অভাবে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়তে হচ্ছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের ।
তিনি জানান , এতদিন স্টেডিয়ামের দায়িত্ব শিলিগুড়ি পুরনিগমের হাতে থাকলেও বর্তমানে পূর্ণাঙ্গ বোর্ড না থাকায় আলোচনার ভিত্তিতে রাজ্য সরকারও এর দায়িত্ব গ্রহণ করতে পারে।

ক্রীড়ামন্ত্রীর কথায়, শিলিগুড়ি বরাবরই ক্রীড়া প্রতিভার উর্বর ভূমি। ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষ ও মান্তু ঘোষের মতো জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদরা এই শহরের গর্ব । তাদের অনুপ্রেরণাকে সামনে রেখেই উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের প্রতিটি স্টেডিয়াম পর্যায়ক্রমে পরিদর্শন করে পরিকাঠামোগত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগের সরকারের ক্রীড়া পরিকাঠামো নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, অতীতে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। তার কথায় , প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে মাঠের চেয়ে বিনোদন জগতেই বেশি দেখা গিয়েছে ।
আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়রা । এখন এই ঘোষণার বাস্তবায়ন কত দ্রুত হয় , সেদিকেই নজর সকলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *