শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : শ্রমকোড বাতিল , শিলিগুড়ির উন্নয়নে পুরনিগমের ব্যর্থতার অভিযোগ এবং ভারত–আমেরিকা চুক্তি বাতিল সহ একাধিক ইস্যুতে সরব হল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি । শুক্রবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠক করে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধেই তীব্র সমালোচনায় সরব হয় বাম নেতৃত্ব ।
জেলা নেতৃত্বের অভিযোগ , কেন্দ্র সরকার প্রণীত নতুন শ্রমকোড শ্রমিক স্বার্থবিরোধী । তাদের দাবি , এই কোড কার্যকর হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা , ন্যূনতম মজুরি , কাজের সময়সীমা ও ট্রেড ইউনিয়নের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । অবিলম্বে শ্রমকোড প্রত্যাহারের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
একইসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের কাজকর্ম নিয়েও ক্ষোভ উগরে দেন সিপিআই(এম) নেতৃত্ব । তাদের বক্তব্য শহরে নিকাশি ব্যবস্থা , পানীয় জল সরবরাহ , রাস্তা সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি রয়ে গেছে । নাগরিক পরিষেবার মানোন্নয়নে পুর কর্তৃপক্ষ ব্যর্থ বলেই অভিযোগ । উন্নয়নের নামে একাধিক প্রকল্পের ঘোষণার পরও বাস্তবে তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না বলেও দাবি করা হয়।
এই সব দাবিকে সামনে রেখে আগামী দিনে গণআন্দোলন , পথসভা ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানান তারা । শ্রমিক , কৃষক ও সাধারণ নাগরিকদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাকও দেওয়া হয় বৈঠক থেকে ।

