শিলিগুড়ি , ৭ অক্টোবর : পুজোর আগে ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে সোনা পাচারের ছক ভেস্তে দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর শিলিগুড়ি রিজিওনাল ইউনিট ।
গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের নিউ টাউন সংলগ্ন আশ্রম রোড এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই অভিযানেই বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৮ কেজি ৩৫২ গ্রাম ওজনের মোট ৭২ টি সোনার বিস্কুট । যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৩৬ লক্ষ ৫১ হাজার ৩৬০ টাকা ।
এই আন্তর্জাতিক সোনা পাচার মামলায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে চার চোরাচালানকারীকে । ধৃতরা হল রসিদুল শেখ (৪২) , মনোয়ার রহমান (৪০), মাবিদুল শেখ (৩৯) এবং মিজানুর রহমান (৩২) । উদ্ধার হওয়া এই চার অভিযুক্তের বাড়িই কোচবিহার জেলার দিনহাটায় ।
ডিআরআই সূত্রে জানা গেছে , পাচারকারীরা দিনহাটা থেকে বাস ধরে শিলিগুড়ি আসার সময় অভিযান চালায় । অভিযানের সময় সন্দেহভাজনদের ফাঁদ পেতে আটক করা হয় । এরপর তল্লাশি চালানো হয় । তল্লাশিতে ধৃত রসিদুলের কোমরে বাধা বিশেষ ধরনের কাপড়ের বেল্ট থেকে ৪৩ টি এবং মাবিদুলের কাছ থেকে ২৯ টি সোনার বিস্কুট উদ্ধার করেন গোয়েন্দারা। প্রতিটি সোনার বিস্কুটে স্পষ্ট বিদেশি সিল ও মার্কিং রয়েছে , যা থেকে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে ঢোকানো হয়েছিল। পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
ডিআরআইয়ের সরকারি আইনজীবী রতন বণিক জানিয়েছেন , “গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । তাদের জামিনের আবেদন খারিজ করে সাতদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । আগামী ১৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।”
উৎসবের মরসুমে এই বিপুল পরিমাণ বিদেশি সোনা উত্তরবঙ্গের গয়নার বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল , নাকি এর পেছনে আন্তঃরাজ্য কোনও চোরাচালান চক্র জড়িত , তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা । সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থার নজরদারি আরও জোরদার করা হয়েছে।
[

