August 17, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন !

শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা |

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিকের দানার বস্তায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ । পাশাপাশি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়।

কারখানার পাশেই রয়েছে একাধিক কারখানা ও গুদাম । ফলে আগুন পাশের কারখানা ও গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক ও স্থানীয়রা । পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীরা প্রথম থেকেই পার্শ্ববর্তী কারখানা ও গুদামগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করেন। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়।

কারখানা ও সংলগ্ন গুদামের ভিতরে থাকা সমস্ত শ্রমিককে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপর জীবনের ঝুঁকি নিয়ে দমকল কর্মীরা কারখানার ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রচুর পরিমাণে প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।

টানা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *