শিলিগুড়ি , ১৪ জুন : অনশনের ২২ ঘণ্টা পর , অসুস্থ হয়ে পড়ছেন ৫ জন শ্রমিক |
লংভিউ চা বাগানের শ্রমিকদের চলমান ৭২ ঘণ্টার অনশনের ২২ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ৫ জন অনশনকারীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানা গেছে। তবে দীর্ঘ সময় অনশন চললেও শ্রমিকদের মনোবল ও দাবি আদায়ের সংকল্পে কোনো ভাটা পড়েনি।
উল্লেখ্য , লংভিউ চা বাগানের শ্রমিকরা পিএফ, গ্র্যাচুইটি সহ সমস্ত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ১৩ জুন ২০২৬ থেকে ৭২ ঘণ্টার অনশন শুরু করেছেন ।
শ্রমিকদের দাবি , বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তারা গত ২১ এপ্রিল ২০২৬ থেকে নির্বাচন-পূর্ব সময় থেকেই ধারাবাহিক আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে আসছেন।
শ্রমিকদের অভিযোগ অনুযায়ী , বাগানের মালিক গোবিন্দ গর্গ ২০১৪ সাল থেকে শ্রমিকদের মজুরি থেকে কাটা ১২ শতাংশ পিএফের অর্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করেননি। বর্তমানে সেই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা বলে দাবি করা হয়েছে । এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকরা আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটির অর্থও এখনও পাননি।
শ্রমিকদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের মজুরি ও কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে । এসব সমস্যার সমাধানে ট্রেড ইউনিয়ন, মালিকপক্ষ এবং রাজ্য শ্রম দপ্তরের মধ্যে একাধিক বৈঠক ও আলোচনা হলেও মালিকপক্ষ সেইসব বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি ।

