শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল প্রায় ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা ।
ঘটনায় এক অভিযুক্ত গ্রেপ্তার । ধৃতের নাম টুনটুন সাহানি । পুলিশ সূত্রে জানা গিয়েছে সে বিহারের বৈশালী জেলার বাসিন্দা । রাতে শিলিগুড়ি জিআরপি SOG এর কাছে খবর আসে ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে । সেই খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপির আধিকারিকরা ।
এরপর প্ল্যাটফর্মে রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস পৌঁছলে ট্রেনের এসি কামরায় তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেন পুলিশকর্মীরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে | তার সঙ্গে থাকা দুটি পিঠব্যাগে তল্লাশি চালানো হয় ।
সেখান থেকেই উদ্ধার হয় ৯ প্যাকেট গাঁজা , যার মোট ওজন প্রায় ১০ কেজি ২৪০ গ্রাম । এরপরই টুনটুন সাহানিকে গ্রেপ্তার করা হয় । পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার উদ্দেশ্য ছিল তার ।
ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এবং তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ।এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি ।

