November 29, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : একাধিক রাজ্যে ডাকাতির ঘটনায় অভিযুক্ত অবশেষে পুলিশের জালে

শিলিগুড়ি , ২৯ নভেম্বর : একাধিক রাজ্যে ডাকাতির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত সুজন লাকান্ড্রি ওরফে সন্তোষ বাকার্ডিকে অবশেষে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ।ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । কর্ণাটক ও ঝাড়খণ্ডে একাধিক ব্যাঙ্ক এবং নামী সোনার দোকানে ডাকাতির ঘটনায় তার নাম জড়িয়েছে ।

বিভিন্ন ডাকাতির ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার সোনা লুটের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ । দীর্ঘদিন ধরেই একাধিক রাজ্যের পুলিশ তার খোঁজ চালাচ্ছিল । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ২৪ নভেম্বর কর্ণাটকের মহীশূর জেলার হুনসুর টাউন থানার পুলিশ সোনার দোকানে ডাকাতির মামলায় সুজনকে গ্রেপ্তার করে। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে কর্ণাটকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু শিলিগুড়িতে থাকাকালীন পুলিশের হেফাজত থেকেই পালিয়ে যায় সে। অভিযোগ,মাটিগাড়া এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরে শিলিগুড়ি পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতায় ফের তার খোঁজ শুরু হয় । গত সোমবার শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মাটিগাড়া থানার পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের সহযোগিতায় সুজনকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ।

মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। বুধবার কর্ণাটকে ফেরার পরিকল্পনা ছিল পুলিশের।সেই কারণে শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি হোটেলে ঘরের ব্যবস্থা করা হয়।কিন্তু অভিযোগ,হোটেলের শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায় সুজন।পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কীভাবে একজন অভিযুক্ত পালিয়ে গেল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।কর্ণাটক পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয় বিতর্ক।

প্রায় ১১মাস আগে মহীশূর জেলার একটি সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে।অভিযোগ,ওই ঘটনায় ৮ কেজিরও বেশি সোনা এবং হীরে লুট করা হয়েছিল।সেই মামলায় ইতিমধ্যেই দুজন অভিযুক্ত গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছে । তদন্তে সুজনের নাম উঠে আসার পর থেকেই তার খোঁজে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে,সুজনের বাবা ছিলেন একজন আইআইটি ইঞ্জিনিয়ার।শিলিগুড়ির বাসিন্দা সুজন পরবর্তীতে রানিগঞ্জে বসবাস শুরু করে । সেখানেই ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়।ধীরে ধীরে একাধিক অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার । এরপর বিভিন্ন রাজ্যে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। কয়েক মাস বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার পর প্রায় তিন মাস আগে মাটিগাড়ায় এসে থাকতে শুরু করে সুজন।প্রথমে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীতে এলাকার একটি বাড়িতে ঘর ভাড়া নেয় সে।এমনকি তার কাছে ২০লক্ষ টাকারও বেশি নগদ অর্থ রয়েছে বলে তদন্তকারী সূত্রে দাবি।তবে কর্ণাটক পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ইসলামপুরে কীভাবে পৌঁছেছিল সুজন এবং সেখানে কার আশ্রয়ে ছিল,তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *