September 4, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Train : রাতের মধ্যে স্বাভাবিক হতে পারে ট্রেন পরিষেবা

শিলিগুড়ি , ৪ সেপ্টেম্বর : রেললাইনে ধসের কারণে বৃহস্পতিবার থেকে ব্যাহত ট্রেন চলাচল ।

এই অবস্থায় শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাত ১২টার মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সাংসদ জানান , যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে ।

শুক্রবার দুপুরে ধস কবলিত এলাকা পরিদর্শনে যান খগেন । সেখানে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

পরিদর্শন শেষে খগেন মুর্মু বলেন, অতি বৃষ্টির ফলে ফরাক্কা স্টেশনের পাশেই আপ রেললাইনটি পুরোপুরি বসে গিয়েছে । যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । রেলের আধিকারিকেরা তৎপরতার সঙ্গে বিষয়টি লক্ষ্য করে কাজ শুরু করেছেন । ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত কাজ করছেন । রাত ১২ টার মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল আবার শুরু হবে।

রেললাইনের নিরাপত্তার কথা মাথায় রেখেই কয়েকটি ট্রেন বাতিল এবং একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে বলে জানান সাংসদ। তার কথায় , সুরক্ষার স্বার্থেই ট্রেন বাতিল করা ছাড়া উপায় ছিল না।

ট্রেন বাতিলের জেরে তাকেও সড়কপথে ফরাক্কায় আসতে হয়েছে বলে জানান তিনি।

এদিকে , ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের একাংশকে বেসরকারি বাসের উপর নির্ভর করতে হচ্ছে । সেই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং কালোবাজারির অভিযোগও উঠেছে।

খগেনের অভিযোগ, রাজ্য সরকারের তরফে বাসের ব্যবস্থা করা হলেও বেসরকারি বাসের ক্ষেত্রে ‘ব্ল্যাক মার্কেটিং’ হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সংকল্পপত্র অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *