শিলিগুড়ি , ২২ মার্চ : ডাকাতির জন্য জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ | গোপন সূত্রে খবর অনুযায়ী গতকাল গভীর রাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় সেন্টার কলোনির উঁচু মাঠ এলাকায় | সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , প্রায় ৮-১০ জনের একটি দল ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । খবর পাওয়া মাত্রই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে হানা দেয় । পুলিশকে দেখতে পেয়েই দুষ্কৃতীদের বেশ কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় । তবে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তিন জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।
ধৃতদের নাম বিকাশ সরকার , অখিল সরকার এবং মাখন ভক্ত । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে সূত্রের খবর । ইতিমধ্যেই পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ধৃত তিন অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
