July 21, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত ১১ , এখনও চলছে উদ্ধার কাজ


শিলিগুড়ি , ২১ জুলাই : সিকিমে টানেলের ভিতরে ভয়াবহ ধস | এর জেরে এখনও ১১ জনের মৃত্যুর খবর উঠে আসছে | এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে | এখনও নিখোঁজ একাধিক |

দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের সমরডুং টানেল বা সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও তার জেরে নেমে আসা ধসে স্তব্ধ হয়ে গেছে এলাকা । ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে ।

সোমবার বিকেল নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এনএইচপিসির ওই নির্মাণাধীন প্রকল্প এলাকা । ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১১ জনের | ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ ।
তবে সুনির্দিষ্ট সংখ্যাটি প্রশাসন এখনও খতিয়ে দেখছে । ভেতরে তীব্র বিষাক্ত গ্যাসের উপস্থিতি , অক্সিজেনের মারাত্মক ঘাটতি এবং ঘোর অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালাতে চরম হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে । রাত পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।

স্থানীয় সূত্রের খবর , এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে পাটেল ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা এই সুড়ঙ্গটি তৈরির দায়িত্বে ছিল। সুড়ঙ্গের ভেতরে প্রায় ১.৫ কিলোমিটার গভীরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বিপজ্জনক মিথেন গ্যাস জমে ছিল বলে জানা গেছে । সোমবার দুপুর থেকে জমে থাকা সেই বিষাক্ত গ্যাস বাইরে বের করে দেওয়ার কাজ শুরু হয়েছিল ।

কিন্তু সেই সময় হয় বিস্ফোরণ । প্রচণ্ড কম্পনে সুড়ঙ্গের ভেতরে ও বাইরের পাহাড়ি ঢালে ধস নেমে আসে এবং সুড়ঙ্গের প্রবেশপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায় । বিস্ফোরণের সময় সুড়ঙ্গের মুখে থাকা কয়েকজন শ্রমিক কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে বাইরে পালিয়ে আসতে সক্ষম হলেও , ভেতরের গভীরে কাজ করতে থাকা কর্মীরা আটকে পড়েন ।

উদ্ধারকাজে একে একে যোগ দিয়েছে সিকিম পুলিশ , ভারতীয় সেনা , দমকল বাহিনী , সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং শিলিগুড়ি ও পাকিয়ং থেকে আসা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল । পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও বিশেষ গ্যাস নিরাপত্তা ও উদ্ধার বিশেষজ্ঞ দলও পৌঁছায় ঘটনাস্থলে ।
নিহতরা জলপাইগুড়ি এবং ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন |

নিহতদের মধ্যে রয়েছেন তুফান দাস , আনন্দ টপনু , অমিত লাল গরে, বিকেশর ওরাও , গ্যাব্রিয়েল টিগ্গা , অর্জুন সাঁওতাল , বলো ওরাও , শ্যাম ওরাও , আদেশ ওরাও , শিবা ওরাও এবং গোরা ওরাও |
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত পরিবরদের প্রতি সমবেদনা জানিয়েছেন |

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, নামচির পুলিশ সুপার সোনম দলমা ভুটিয়া জানিয়েছেন, ১৫ জন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বার করে আনাই এখন প্রধান অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *