শিলিগুড়ি , ২৯ মে : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে AIDSO কর্মী ও সংগঠকদের উপর ABVP-র নৃশংস হামলার অভিযোগে প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ির সাফদার হাসমিচকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় । বিভিন্ন ছাত্র , যুব ও গণসংগঠনের প্রতিনিধিরা এদিন উপস্থিত থেকে ঘটনার তীব্র নিন্দা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন।
বক্তারা অভিযোগ করেন , বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে । AIDSO কর্মীদের উপর হামলার ঘটনাকে তারা “গণতন্ত্রের উপর আঘাত” বলে উল্লেখ করেন। একইসঙ্গে শিক্ষাঙ্গনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবিও তোলা হয় সভা থেকে ।
প্রতিবাদ সভায় উপস্থিত আন্দোলনকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানান । সভার শেষে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে সাফদার হাসমিচক এলাকা ।
