শিলিগুড়ি , ২ জুলাই : এসজেডিএতে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে এবার সরব হলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন । নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে তদন্তের দাবি জানান তিনি ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন , এসজেডিএ-তে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে , তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত । তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন , তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
জনগণনা প্রক্রিয়া নিয়ে তিনি বলেন , জনগণনা ও প্রশাসনিক পুনর্গঠনের কাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন করে নির্বাচন করানো উচিত ।
আনন্দময় বর্মনের দাবি , দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় বহু এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন । তাই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিষেবা স্বাভাবিক করা প্রয়োজন ।
