শিলিগুড়ি, ২ অগাষ্ট : উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি পুরনিগমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সড়কপথে শিলিগুড়ি পুরনিগমে যান। সেখানে তাকে স্বাগত জানান পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই এবং প্রশাসকমণ্ডলীর সদস্য আর.বিমলা সহ অন্য পুর কর্মীরা ।
পুরনিগমে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে ফোনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা , অভিযোগ ও পরামর্শ শোনেন মন্ত্রী । তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন এবং নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার ওপর জোর দেন । এরপর উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন ।
মন্ত্রী জানান, ডাবগ্রাম-ফুলবাড়ীকে আলাদা পুরসভা করার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে । তিনি বলেন, স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির বিধানসভায় উত্থাপিত দাবির ভিত্তিতে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন পুরসভা গঠনের কাজ শুরু হবে।
শিলিগুড়িকে ‘হিমালয়ান সিটি’ তথা আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি । তার দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।
এছাড়া কোচবিহরের উন্নয়নে প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে | পাশাপাশি উত্তরের রাজার শহর কোচবিহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে যানজট কমাতে মাল্টি-লেভেল পার্কিং নির্মাণ করা হবে। পাশাপাশি শিলিগুড়িতে চালু হবে অ্যাপ-ভিত্তিক ও অনলাইন পার্কিং ব্যবস্থা । ১ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। সব পার্কিং হবে বৈধ ও নিয়ন্ত্রিত । পার্কিং কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও পরিচয়পত্র থাকবে।
শিলিগুড়িতে ওয়ান-সাইড পার্কিং চালুর কথাও ঘোষণা করেন তিনি, যাতে শহরের যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা প্রশাসনের।
শহর পরিচ্ছন্ন রাখতে ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা বা থুতু ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি সাধারণ মানুষকে ‘স্বচ্ছ’ অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান । কর্পোরেশন এলাকার কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে সেই অ্যাপে ছবি আপলোড করলেই পুরনিগমের পক্ষ থেকে দুই ঘণ্টার মধ্যে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ হিসেবে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প তৈরি হতে চলেছে |