শিলিগুড়ি , ১৫ মে : শহরের অবৈধ মাদক কারবার রুখতে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । মাদক নেটওয়ার্ক গুড়িয়ে দিতে ‘অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স গঠন করা হল । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান ডিসিপি রানা মুখোপাধ্যায় । শহরের পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বেই এই টাস্ক ফোর্স কাজ করবে ।
পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বে ১৩ মে এই টাস্ক ফোর্স গঠিত হয়েছে । এটি মূলত ডিটেকটিভ ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ।
একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে এই দলে থাকছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং আরও ৫ জন কর্মী । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা প্রতিটি থানা থেকে দু’জন করে অফিসারকে এই টাস্ক ফোর্সের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে |
যাতে অভিযান আরও দ্রুত ও কার্যকর হয় । এ বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রানা মুখোপাধ্যায় বলেন , “এই বিশেষ দলের লক্ষ্য হলো শহরকে মাদকমুক্ত করা । তাদের বিশ্বাস , এই টাস্ক ফোর্স গঠনের ফলে শহরের মাদক ব্যবসার ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন যে , শহরের বিভিন্ন প্রান্তে বর্তমানে বিশেষ ‘নাকা চেকিং’ সহ পুলিশি অভিযান চালানো হচ্ছে । এছাড়া নির্বাচন পরবর্তী হিংসা প্রসঙ্গে ডিসিপি বলেন , শিলিগুড়ি অত্যন্ত শান্তিপূর্ণ শহর । বর্তমানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ৭ কোম্পানি মোতায়েন রয়েছে ।

