শিলিগুড়ি , ১৪ নভেম্বর : পুজোর ছুটিতে স্কুলে চোরের তাণ্ডব ফুলবাড়ি পূর্ব ধনতলা হাই স্কুলে । লকার ভাঙচুর করা হয় , ছিঁড়ে দেওয়া হল বিদ্যুতের তার । পুজোর ছুটির পর স্কুল খুলতেই সামনে এল এই ছবি । স্কুলের বিভিন্ন ঘরের দরজা , লকার থেকে শুরু করে বিদ্যুতের তার ও লাইটের সংযোগ সবকিছুই তছনছ অবস্থায় পড়ে রয়েছে।
ঘটনাটি ফুলবাড়ি পূর্ব ধনতলা হাই স্কুলের । স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ,দুষ্কৃতীরা স্কুলের বিভিন্ন সামগ্রী চুরি করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালিয়েছে । ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান স্কুল কর্তৃপক্ষের।
স্কুলের টিআইসি অর্ণব গাঙ্গুলী জানান , দুর্গাপুজোর ছুটির পর স্কুলে ঢুকেই তারা এই ভাঙচুরের বিষয়টি দেখতে পান । এর আগেও চলতি বছরের ২৩ মার্চ একই ধরনের ঘটনা ঘটে । ফের স্কুলে চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারা । অভিযোগ , স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষের বিদ্যুতের তার ও লাইটের সংযোগ ছিঁড়ে দেওয়া হয় । শিক্ষক-শিক্ষিকাদের লকার ভাঙচুরের পাশাপাশি ক্লার্কের ঘরেও ভাঙচুর চালানো হয় ।
অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও এলোমেলো করে দেওয়া হয়েছে । বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । এমনকী জলের মোটরের ওয়ারিংও ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । টিআইসি আরও জানান , স্কুলে ১৬ থেকে ১৮ টি শ্রেণিকক্ষ রয়েছে । দু’এক দিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা।
এরপর রয়েছে ২০২৬সালের ফাইনাল পরীক্ষা । এই পরিস্থিতিতে কীভাবে স্কুলের স্বাভাবিক কাজকর্ম ও পরীক্ষার প্রস্তুতি চালানো হবে,তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।কম্পিউটার,প্রিন্টার,পানীয় জল এবং মিড-ডে মিলের কাজকর্মও বিদ্যুৎ সংযোগের উপর নির্ভরশীল।ফলে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। ঘটনায় এনজেপি থানায় এফআইআর দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ । দুষ্কৃতীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা ।

