শিলিগুড়ি , ৫ অগাষ্ট : বিহারে পাচারের আগেই পুলিশের জালে বিপুল টেট্রা প্যাক মদ , হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার বিহারের বাসিন্দা |
শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার অন্তর্গত জংশন এলাকাতে এক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে সাদা পোশাকের পুলিশের একটি বিশেষ দল শহরের একটি হোটেলে অভিযান চালায় | সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ টেট্রা প্যাক মদ বাজেয়াপ্ত করে । পুলিশের এই অভিযানে বিহারে পাচারের একটি বড় পরিকল্পনা ভেস্তে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে , হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি সুটকেসের ভিতর থেকে আনুমানিক ১৫০ থেকে ২০০টি টেট্রা প্যাক মদ বাজেয়াপ্ত করা হয় । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা । তবে তদন্তকারীদের দাবি , এই মদ বিহারে নিয়ে গিয়ে অবৈধভাবে বিক্রি করলে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা সম্ভব হতো এবং সেখান থেকে লক্ষাধিক টাকা লাভের পরিকল্পনা ছিল অভিযুক্তের ।
তল্লাশির সময় উদ্ধার হওয়া মদের বৈধ ক্রয়-বিক্রয়ের কোনও নথি বা প্রয়োজনীয় কাগজপত্র অভিযুক্ত দেখাতে পারেননি। সেই কারণেই মদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ভাস্কর কুমার। সে বিহার রাজ্যের সাহারসা (Saharsa) জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।
