শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : একটি সোনার দোকান থেকে প্রায় ৮ লক্ষ নগদ টাকা চুরি করার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ । অভিযুক্তকে রিমান্ডে নিয়ে চুরি যাওয়া অর্থ উদ্ধার করার চেষ্টা পুলিশের |
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ১৬ সেপ্টেম্বর রাতে খালপাড়ার অগ্রসেন রোডের একটি সোনার দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় ৮ লক্ষ নগদ টাকা চুরি গিয়েছিল । দোকান মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খালপাড়া ফাঁড়ির পুলিশ ।
গোপন সূত্র ও সিসিটিভি ফুটেজের সাহায্যে তদন্ত চালিয়ে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ । এরপর সোমবার রাতে ৪ নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিব চৌধুরী ওরফে বুধনকে গ্রেপ্তার করে পুলিশ ।
মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে চুরি যাওয়া নগদ টাকা ও এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা চালাবে পুলিশ।
