শিলিগুড়ি , ৩০ অক্টোবর : ভুয়ো অফিসার পরিচয় দিয়ে মাটিগাড়ার ওয়েভেল আইটি পার্কে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শেখর সাহা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে |
পুলিশ সূত্রে জানা গেছে , ওয়েভেল আইটি পার্ক ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয় , গত রাতে এক ব্যক্তি ওয়েভেল আইটি পার্কে এসে নিজেকে Anti Crime Bureau of India (ACBI)-এর আধিকারিক বলে পরিচয় দেয় । পাশাপাশি তিনি পার্কে রেড করার জন্য এসেছেন বলেও দাবি করেন।
এরপর আইটি পার্কের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার আই-কার্ড পরীক্ষা করা হয় । আই-কার্ড ও তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাকে আইটি পার্কের বিভিন্ন সেন্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ঘটনার পর বিষয়টি নিয়ে ওয়েভেল আইটি পার্ক ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় , অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই মাটিগাড়া থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।
অভিযুক্ত শেখর সাহা মূলত আলিপুরদুয়ার জেলার বাসিন্দা এবং বর্তমানে তিনি শিলিগুড়ির প্রধাননগর এলাকায় বসবাস করছিল ।
গ্রেফতারের পর অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । তবে এই পরিচয় ব্যবহার করে সে কতদিন ধরে এই ধরনের কাজ করছিল বা তার পিছনে আরও কেউ রয়েছে কিনা সব খতিয়ে দেখছে পুলিশ |
