Khabar Samay Bangla Blog অপরাধ Drug : ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই বিহারের যাত্রী
অপরাধ

Drug : ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই বিহারের যাত্রী

শিলিগুড়ি , ২৬ অক্টোবর : উৎসবের মরশুমের মাঝেই ছক বানচাল করলো রেল পুলিশ ! হাতবদলের আগেই এনজেপি স্টেশনে যৌথ অভিযানে গ্রেপ্তার হল বিহারের দুই যুবক।

ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দু’জনেই বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা । রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ । সেই সময় স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস এসে পৌঁছলে ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়।

সেখান থেকেই সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন পুলিশকর্মীরা । এরপর তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । দু’জনকে গ্রেপ্তার করা হয়।এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে , ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে এসেছিল । সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে কিষানগঞ্জ থেকে ফের ট্রেনে করে বিহারের খাগারিয়ায় পৌঁছনোর কথা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । এই ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি । আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version