শিলিগুড়ি , ৩ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশের ডিডি টিম ও এসপিসি । ভক্তিনগর থানার অন্তর্গত ৪২নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার সংকল্প এনক্লেভ এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের নাম সমীরণ বিশ্বাস (৪১) ,সঞ্জয় মণ্ডল (৫৪) ও সঞ্জিত সিং (৪০) । দু’জনের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর ডাবগ্রাম ১ এলাকায়।
সঞ্জিত সিং বিহারের ছাপড়া জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অভিযানে মোট ২৫টি কাগজের কার্টন থেকে ১০০মিলিলিটারের ৪,০০০বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ বাজেয়াপ্ত করা হয়।প্রতিটি কার্টনে ১৬০টি করে বোতল ছিল।
পাশাপাশি ৭২,০০০ টি অ্যাসিটামিনোফেন , ট্রামাডল হাইড্রোক্লোরাইড ও ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুলও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধৃত তিনজনকে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয় । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
