শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডে অবস্থিত এক্সোটিকা অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে চুরির মামলায় সাফল্য পুলিশের । খবর অনুসারে , কয়েকদিন আগে ফ্ল্যাট থেকে একটি মোবাইল চুরি হয়েছিল । ৮ ফেব্রুয়ারি একই ফ্ল্যাট থেকে একটি সোনার আংটিও চুরি হয় ।
ফ্ল্যাটের মালিক গৃহস্থালির কাজে সাহায্য করার জন্য একজন মহিলাকে সাময়িকভাবে নিয়োগ করেছিলেন । অনেক খোঁজাখুঁজির পরেও যখন আংটিটি পাওয়া যায়নি , তখন তার সন্দেহ হয় | তিনি ভক্তিনগর থানায় গৃহকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । তদন্ত চলাকালীন , পুলিশ গৃহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে | অভিযুক্ত মোবাইল এবং সোনার আংটি চুরির কথা স্বীকার করে ।
পরে পুলিশ অভিযুক্ত মহিলার বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল এবং সোনার আংটি উদ্ধার করে । অভিযুক্ত মহিলার নাম সাইবা খাতুন | সে বিবেকানন্দ নগরের বাসিন্দা বলে জানা গেছে । মঙ্গলবার পুলিশ অভিযুক্ত মহিলা সাইবা খাতুনকে জলপাইগুড়ি আদালতে পেশ করে।

