শিলিগুড়ি , ১৮ অগাষ্ট : স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর |
স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর ! সাতসকালে স্বামী-স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকার বাসিন্দারা | রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা ভোটপাড়া এলাকার ঘটনা ।
মঙ্গলবার সকালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার ভোটপাড়া গ্রামে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের ছাদে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভোরের আলো থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সোনালী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বামী ভবতোষ বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটপাড়া গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের মেয়ে সোনালী বিশ্বাসের প্রায় ছয় মাস আগে বিয়ে হয় হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বলে পরিবারের দাবি। একাধিকবার অশান্তি মিটিয়ে সোনালীকে শ্বশুরবাড়িতে পাঠানো হলেও ফের বাপের বাড়িতে ফিরে আসতেন তিনি। প্রায় এক মাস ধরে সোনালী বাপের বাড়িতেই ছিলেন।
পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সোনালীর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বন্ধ দোকানের ছাদে সোনালী ও তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র এবং বিষের বোতল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ভবতোষ। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনালীর মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ ও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

