শিলিগুড়ি , ৪ জুলাই : একদিনে দুটি পৃথক অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ সিকিমের মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর । দুটি অভিযান মিলিয়ে প্রায় ৩.৬৪ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে । একটি ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে | অন্য ঘটনায় গাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে ।
গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর সার্কেলের ওসি প্রবীণ রায় কর্মকারের নেতৃত্বে আবগারি দপ্তরের একটি দল চম্পাসারি মোড়ের এসজেডিএ মার্কেট সংলগ্ন এলাকায় নজরদারি চালায়।কিছুক্ষণ পর সিকিম থেকে আসা একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ছাদে রাখা ১৩টি কার্টন থেকে মোট ৯০ লিটার সিকিমের মদ উদ্ধার হয় । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪১ হাজার টাকা ।
ঘটনায় গাড়ির চালক , সিকিমের বাসিন্দা সন্তোষ কুমার প্রসাদকে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে । অন্যদিকে , গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর । সেখানে একটি দুই চাকার ছোট গাড়ি করে দুটি বস্তা নিয়ে যাওয়ার সময় আবগারি আধিকারিকদের দেখে এক যুবক পালিয়ে যায় । পরে গাড়িতে থাকা দুটি বস্তা থেকে ৬৬টি সিকিম মদের বোতল উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২৩ হাজার ৭৫০ টাকা । ঘটনায় মদের বোতল ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে । সঙ্গে দুই চাকার গাড়ির মালিকের ও অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর । আবগারি দপ্তরের এই জোড়া অভিযানে পাচারের আগেই বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার হওয়ায় চোরাচালান চক্রের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারির বার্তা স্পষ্ট হয়েছে ।

