শিলিগুড়ি , ৭ জুলাই : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ফাঁসিদেওয়ায় বিক্ষোভ , বিএসএফের লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা |
অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদানের টাকা না পাওয়ার অভিযোগে ফাঁসিদেওয়া বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিএসএফের লাঠিচার্জের অভিযোগ ওঠে । ঘটনায় কয়েকজন মহিলা আহত হওয়ার পাশাপাশি কর্তব্যরত কয়েকজন সাংবাদিকও জখম হয়েছেন বলে অভিযোগ ।
বিক্ষোভকারীদের দাবি , জনকল্যাণ শিবিরে আবেদনপত্র জমা দেওয়ার পরও তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাননি । বিষয়টি জানতে তারা বিডিও অফিসে যান এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি তোলেন । প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক উত্তর না মেলায় ক্ষোভ বাড়তে থাকে ।
ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার ওসি সুদীপ কুমার বিশ্বাস পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন । পাশাপাশি মোতায়েন ছিল বিএসএফও ।
অভিযোগ , পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় বিএসএফ জওয়ানরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে লাঠিচার্জ করেন । বিক্ষোভকারীদের আরও দাবি , মহিলা বিক্ষোভকারীদের ওপর পুরুষ বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ করেছেন , যা নিয়ে প্রশ্ন উঠেছে ।
তবে এই অভিযোগের বিষয়ে বিএসএফ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

