শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে শিলিগুড়ি আদালত চত্বরে আয়োজিত হল বিশেষ তেরঙ্গা বিতরণ অনুষ্ঠান । ‘প্রতিটি ঘরে তেরঙ্গা , গর্ব ও সম্মানের সঙ্গে’—এই বার্তা নিয়ে কর্মসূচির আয়োজন করে শিলিগুড়ি বিজেপি লিগ্যাল ডিপার্টমেন্ট।
শুক্রবার সকাল ১০ টা থেকে শিলিগুড়ি আদালত চত্বরে এই তেরঙ্গা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস । ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা নান্টু পাল-সহ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ।
অনুষ্ঠানকে ঘিরে আদালত চত্বরে ছিল দেশাত্মবোধের আবহ । উপস্থিতদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের বার্তাও তুলে ধরা হয় ।
এদিন নতুন আদালত ভবনের কাজ নিয়েও বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী । আদালতের পরিকাঠামো এবং নতুন ভবন নির্মাণের কাজ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয় ।
অনুষ্ঠানের এক পর্যায়ে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস এবং পর্যটন মন্ত্রী শংকর ঘোষকে সংবর্ধনা জানান শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ।
