শিলিগুড়ি , ৩ নভেম্বর : এক দিনের ঝটিকা সফরে শিলিগুড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মঙ্গলবার প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় পৌঁছন তিনি । সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সেরে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পৌঁছে র্যালিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর এয়ারভিউ মোড়ে বক্তব্য রাখার পর সোজা চলে যান শিলিগুড়ি পুরনিগমে। সেখানে কিছুক্ষণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এদিন শিলিগুড়ি পুরনিগমের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আগের সরকার পুরনিগমের যে পরিস্থিতি করে রেখে গিয়েছে, তা ঠিক করতে সময় লাগবে। কলকাতার পর শিলিগুড়ি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। শুধু রাজ্যের নয়, দেশের কাছেও এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। অথচ শহরের উন্নয়ন নিয়ে যে ধরনের পরিকল্পনা ও কাজ হওয়া উচিত ছিল, তা হয়নি।
নতুন পুর কমিশনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। পুর পরিষেবার ক্ষেত্রে একাধিক নতুন নির্দেশিকা কার্যকর করার কথা জানান তিনি । ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল গাইডলাইন মেনে পুরনিগম পরিচালনার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, শহরকে আবর্জনামুক্ত করা, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, রাস্তা সংস্কার এবং শহরের বিভিন্ন ইলেকট্রিক পোস্টের সমস্যা সমাধানই আপাতত অগ্রাধিকার পাবে।
পুরনিগমের ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। কর্মীদের বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা সময়মতো দেওয়ার পাশাপাশি তাদের অতীতের সমস্ত তথ্য যাচাই করা হবে বলে জানান তিনি। আগের সরকারের আমলে রাজনৈতিক কাজে যুক্ত থাকা বা পার্টি অফিস ও জনপ্রতিনিধিদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে, এমন কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আসন্ন কালীপুজো ও দীপাবলিতে শিলিগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছটপুজোর আগে ঘাটে যাওয়ার রাস্তাগুলির নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
এছাড়াও রেলের জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী । আগামী দিনে উত্তরকন্যায় আলাদা বৈঠক ডাকা হবে। সেখানে শিলিগুড়ি পুরনিগম, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং রেল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
সব মিলিয়ে, শিলিগুড়ি পুরনিগমে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে শহরের পরিকাঠামো উন্নয়ন, পুর পরিষেবা, কর্মীদের ভূমিকা এবং এলাকা সম্প্রসারণের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে ।
