শিলিগুড়ি , ২১ সেপ্টেম্বর : শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের বিক্ষোভে সরব হলেন উপভোক্তা মহিলারা । সোমবার শিলিগুড়ি মহকুমা শাসকের ( দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা ।
বিক্ষোভকারীদের অভিযোগ , অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম মেনে আবেদন করার পরেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি । রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও বাস্তবে সেই টাকা বহু উপভোক্তার কাছে পৌঁছয়নি বলে অভিযোগ ।
মহিলাদের আরও অভিযোগ , অনেকের ক্ষেত্রেই আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখাচ্ছে , কিন্তু তবুও টাকা জমা পড়ছে না । বারবার দপ্তরে এসে খোঁজ নিতে বলা হচ্ছে এবং নতুন করে ফর্ম পূরণ করতে বলা হচ্ছে বলেও অভিযোগ মহিলাদের । ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন ।
এর আগেও একই দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন উপভোক্তারা । সোমবার ফের SDO অফিসে এসে নিজেদের ক্ষোভ উগরে দেন তারা । দ্রুত প্রাপ্য টাকা মেটানো এবং কেন টাকা আটকে রয়েছে , সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
এদিন দপ্তরের সামনে বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় । যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এই ঘটনায় প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় , এখন সে দিকেই নজর সকলের ।
