শিলিগুড়ি , ২২ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে শিলিগুড়িতে এল বিদেশি প্রতিনিধি দল ।
আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (IEVP) ২০২৬-এ অংশ নেওয়া প্রতিনিধিরা বুধবার শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার (ডিসি ও আরসি) পরিদর্শন করেন।
ভোটের আগের দিন এই কেন্দ্র থেকেই ইভিএম , ভিভিপ্যাট ও অন্যান্য নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকর্মীদের রওনা হওয়ার প্রক্রিয়া তারা সরেজমিনে দেখেন ।
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে দুই দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা । আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোটকেন্দ্রও পরিদর্শন করবেন তারা ।
ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে নামিবিয়া , জর্জিয়া , নেপাল , ফিলিপাইনস , গাম্বিয়া , সুইজারল্যান্ড ও কেনিয়া সহ একাধিক দেশের প্রতিনিধি তাদের বিদেশি মিশনের সদস্য এবং আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা (আইডিয়া)-র এক প্রতিনিধি এই কেন্দ্রটি ঘুরে দেখেন।

