June 13, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Nature : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা

শিলিগুড়ি , ১৩ জুন : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শনিবার শিলিগুড়ি কলেজে আয়োজিত হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি । কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যে এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় ।


উল্লেখ্য , ২০১৬ সাল থেকে শিলিগুড়ি কলেজে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে । সেই ধারাবাহিকতায় ২০২১ সালে কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি ‘নিম বন’। বর্তমানে সেখানে নিমের পাশাপাশি বকুল, হরিতকী, বহেড়া, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে । এছাড়াও কাঁঠাল , জলপাই, কালোজাম, জামরুল, আম, পেয়ারা, লিচু, আমলকি, তেঁতুল, কামরাঙা, সফেদা ও সীতাফল সহ নানা ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে ।


এদিনের কর্মসূচিতে বিশেষভাবে বারুইপুরের বিখ্যাত পেয়ারার চারা রোপণ করা হয়। কলেজ কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশের উন্নয়নেই নয়, শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কলেজের অধ্যাপিকা ড. বিদ্যাবতী আগরওয়ালা জানান , সুস্থ ইকোসিস্টেম বজায় রাখা এবং কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও শীতল করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “গাছপালা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটছে , যা ক্যাম্পাসের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করছে । আগামী দিনেও এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক গাছ লাগানো হবে।”
পরিবেশবান্ধব এই উদ্যোগ শিলিগুড়ি কলেজের সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *