শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে সম্পূর্ণ পেপারলেস হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে । পাশাপাশি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে বেডের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এই কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।
হাসপাতালের পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যেই পেপারলেস ব্যবস্থা চালুর উদ্যোগ বলে জানান মন্ত্রী। এর ফলে রোগীর নথিপত্র সংরক্ষণ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত কাজ আরও সহজ ও দ্রুত করার সুযোগ তৈরি হবে।
এদিনের বৈঠকে ডায়ালিসিস পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বেডের সংখ্যা পাঁচ। সেই সংখ্যা বাড়িয়ে দশটি করা হবে বলে জানান শংকর ঘোষ। এর ফলে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস পরিষেবা পাওয়ার ক্ষেত্রে চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
হাসপাতালে পার্কিং সমস্যার সমাধান এবং রোগী ও তাঁদের পরিবারের জন্য আরও উন্নত পরিকাঠামো তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হাসপাতাল চত্বরে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা যাতে রোগীরা পান , তার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করবে বলে জানান পর্যটন মন্ত্রী।
এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের সুপারকে পাশে বসিয়েই হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শংকর ঘোষ। একইসঙ্গে হাসপাতালের পিডিয়াট্রিক বিভাগকেও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ফলে শিশু রোগীদের চিকিৎসার পরিবেশ আরও আরামদায়ক ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
