শিলিগুড়ি , ১৭ নভেম্বর : পর্যটকদের সুবিধার্থে এবার ডিজিটাল পরিষেবায় বড় পদক্ষেপ রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের (WBTDCL)। পর্যটকদের বুকিং সংক্রান্ত হয়রানি কমাতে এবং রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক করতে চালু হল নতুন বুকিং পোর্টাল । এক ক্লিকেই জানা যাবেকোথায় ঘর খালি আছে কিভাবে অনলাইন বুকিং করা যাবে , তা সহজেই পাওয়া যাবে । শুধু তাই নয় , প্রতিটি পর্যটন সম্পত্তির ছবি, পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্যও মিলবে এই পোর্টালে। কার্ড এবং QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধাও থাকছে।
নতুন পোর্টালের উদ্বোধন উপলক্ষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, WBTDCL-এর অধীনে বর্তমানে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে, যেখানে মোট ৮১৪টি ঘর রয়েছে। এতদিন পুরনো ওয়েবসাইটের কার্যকারিতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পর্যটকদের একাংশের অভিযোগ ছিল , বুকিং প্রক্রিয়া যথেষ্ট সহজ ও কার্যকর ছিল না। সেই সমস্যার সমাধান করতেই নতুন ইউজার-ফ্রেন্ডলি বুকিং পোর্টাল চালু করা হল।
পর্যটকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পোর্টালে রাখা হবে রিভিউ দেওয়ার ব্যবস্থাও । শঙ্কর ঘোষের কথায়, সমালোচনা আমাদের সামনে আয়না ধরতে সাহায্য করে। ফলে পর্যটকদের অভিজ্ঞতা এবং মতামতকে কাজে লাগিয়ে পরিষেবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে।
রাজ্যের প্রতিটি জেলাতেই পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে বলে দাবি মন্ত্রীর । সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মার্কেটিং ও ব্র্যান্ডিং সব ক্ষেত্রেই জোর দেওয়া হবে ।
এছাড়াও, নতুন বুকিং পোর্টালে পর্যটন প্যাকেজ এবং তীর্থযাত্রার বুকিংয়ের ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসব পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়, সেখানেও অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। বেঙ্গল সাফারির কিছু অংশের টিকিট অনলাইনে পাওয়া যায় কি না, তা নিয়ে বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী।
সব মিলিয়ে, বুকিংয়ের জটিলতা কাটিয়ে পর্যটন পরিষেবাকে এক ছাতার তলায় আনা এবং রাজ্যের পর্যটন মানচিত্রকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন এই ডিজিটাল উদ্যোগ ।
