শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : পর্যটন পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পেশাদার করে তুলতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ‘ট্যুরিজম মোবিলিটি অ্যান্ড রোড সেফটি সামিট ২০২৬’। নর্থ বেঙ্গল টুরিস্ট ট্রান্সপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৩০০ জন ট্রান্সপোর্টার। অনুষ্ঠানের আগে প্রায় ৫০টি গাড়ি নিয়ে একটি বিশেষ কার র্যালিরও আয়োজন করা হয়। প্রতিটি গাড়িতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রের ছবি তুলে ধরে রাজ্যের পর্যটনের প্রচার করা হয় |
অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত (PWD) এবং জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের পূর্ণমন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান , পুজোর আগেই রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কারের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে । আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তাঘাট ঠিক করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি পাহাড়ের বিভিন্ন রাস্তাঘাটকে নতুনভাবে সাজানো এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করার কথাও জানান মন্ত্রী। পর্যটকদের যাতায়াতে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, NBTTOA-এর অ্যাডভাইজার এবং EHTTOA-এর প্রেসিডেন্ট দেবাশীষ মৈত্র জানিয়েছেন , এই সামিটের অন্যতম মূল উদ্দেশ্য হল পর্যটন পরিবহণের সঙ্গে যুক্ত চালকদের আরও প্রশিক্ষিত ও দক্ষ করে তোলা । উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি চালকদেরও আধুনিক প্রযুক্তি ও পেশাদার প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন ।
অনুষ্ঠানে পর্যটন পরিবহণ ক্ষেত্রে চালকদের অবদানকে সম্মান জানিয়ে পাঁচজন চালককে ‘বেস্ট সারথি’ সম্মান প্রদান করা হয়। আয়োজকদের মতে, পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে চালকরাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের দক্ষতা , আচরণ , নিরাপদ ড্রাইভিং এবং পেশাদারিত্ব পর্যটন শিল্পের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষের । তবে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান পর্যটন মন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে পর্যটন , পরিবহণ এবং রোড সেফটিকে একসঙ্গে গুরুত্ব দিয়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় বলেও বার্তা দেন তিনি।
