শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : খাবারের মধ্যে প্লাস্টিকজাতীয় বস্তু পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য | শহরের অন্যতম পরিচিত মিষ্টির দোকান ‘মাখন ভোগ’ এর ধোসার মধ্যে প্লাস্টিকের টুকরো পাওয়ার অভিযোগ তুলেছেন এক ক্রেতা । ঘটনাটি শিলিগুড়ির এসএফ রোডে অবস্থিত মাখন ভোগের দোকানকে ঘিরে । শুধু দোকান কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর মধ্যেই থেমে না থেকে ওই ক্রেতা বিষয়টি নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের কাছেও অভিযোগ জানিয়েছেন ।
অভিযোগকারী জানান, অন্যান্য দিনের মতোই তিনি মাখন ভোগের দোকান থেকে ধোসা কিনেছিলেন। পরে সেই খাবার খাওয়ার সময় ধোসার মধ্যে অস্বাভাবিক একটি বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সেটি ভালোভাবে পরীক্ষা করেন। তখনই ধোসার মধ্যে প্লাস্টিকের মতো একটি টুকরো দেখতে পান । এর পর তিনি দোকানের ম্যানেজার কে ডাকেন ও এই বিষয়ে বলেন।
ঘটনার পর বিষয়টি নিয়ে দোকান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় । পাশাপাশি, খাবারের মধ্যে এমন বস্তু কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট ক্রেতা খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান। অভিযোগের পর বিষয়টি আরও গুরুত্ব পায়।
শহরের একটি পরিচিত মিষ্টির দোকান থেকে কেনা খাবারের মধ্যে প্লাস্টিকের টুকরো পাওয়ার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য প্রস্তুত করার পদ্ধতি এবং পরিবেশনের সময় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, অভিযোগের বিষয়ে মাখন ভোগ কর্তৃপক্ষের কোন বক্তব্য মেলেনি |
একটি পরিচিত খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রেতাদের মধ্যেও স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে । খাবার তৈরির জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে কাঁচামাল, রান্নার সরঞ্জাম, প্যাকেজিং এবং পরিবেশনের প্রতিটি ধাপে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দাবি উঠছে।
তবে অভিযোগের সম্পূর্ণ সত্যতা এবং প্লাস্টিকের টুকরোটি কীভাবে ধোসার মধ্যে এল , তা সরকারি তদন্ত ও খাদ্য সুরক্ষা দপ্তরের পরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব। এখন অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।
