শিলিগুড়ি , ২৮ এপ্রিল : খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল | বাগরাকোটে সাঁওগাওয়ে চাঞ্চল্য |
খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সাঁওগাও বস্তিতে আটকে পড়ল প্রায় ২০ থেকে ২৫ টি বুনো হাতির একটি বড় দল । ভোরের আলো ফুটে যাওয়ায় হাতিগুলি আর জঙ্গলে ফিরে যেতে পারেনি , ফলে দিনের আলোতেই তারা লোকালয়ের মধ্যেই অবস্থান করে ।
সকালের পর থেকেই হাতি দেখতে উৎসাহী জনতার ভিড় জমতে শুরু করে এলাকায় । অনেকেই মোবাইলে এই দৃশ্য বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন । যদিও এই পরিস্থিতি যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে , সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
বনদপ্তর সূত্রে জানা গেছে , ঘটনাস্থলে সারাদিন নজরদারি চালাচ্ছে স্থানীয় কুইক রেসপন্স টিম ও বনকর্মীরা । প্রাথমিক তথ্য অনুযায়ী , হাতির দলটি রাতে তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে গাজোলডোবা অতিক্রম করে এবং ঘিস নদী পেরিয়ে সাঁওগাও এলাকায় ঢুকে পড়ে ।
বনকর্মীদের পরিকল্পনা অনুযায়ী , অন্ধকার নামলে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ‘ড্রাইভ’ পদ্ধতিতে । ঘটনাস্থলে তারঘেরা রেঞ্জর বনোকর্মীরা ও মাল বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা রয়েছেন |
