শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : হোটেল রেস্তোরাঁর খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে এবার কড়া নজরদারি । মঙ্গলবার ফুড সেফটি ডিপার্টমেন্ট , শিলিগুড়ি পুরনিগম ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যৌথভাবে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক নামী বেসরকারি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালান ।
এদিন প্রথমে শিলিগুড়ির জংশন সংলগ্ন এলাকায় অভিযান চলে । এরপর শালুগাড়া , দার্জিলিং মোড় সহ বিভিন্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্তোরাঁয় তল্লাশি চালান আধিকারিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা , খাবারের গুণমান এবং খাদ্য সুরক্ষা বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না , তা খতিয়ে দেখা । পাশাপাশি পুরনো বা মেয়াদোত্তীর্ণ খাবার মজুত রয়েছে কিনা , রান্নাঘরে স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না সেসব বিষয়ও পরীক্ষা করা হয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিপত্রও খতিয়ে দেখেন আধিকারিকরা। কয়েকটি ক্ষেত্রে নথিপত্রে ছোটখাটো ভুলত্রুটি নজরে আসে। সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে দ্রুত সেগুলি সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে । তবে মঙ্গলবারের অভিযানে বড় ধরনের কোনও অনিয়ম বা মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এসিপি ফারুক মহম্মদ চৌধুরী বলেন , মানুষ ধীরে ধীরে খাদ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হচ্ছেন । আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
