কালিম্পং , ১৯ সেপ্টেম্বর : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিম্পংয়ে অভিযান চালিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ । ১৮ সেপ্টেম্বর কালিম্পং থানার হাটবাজার এলাকায় চেস্ট ক্লিনিকের কাছের ভাড়াবাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ | ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , আটক ব্যক্তির নাম সায়েদ বিলাল খান (২৮) । তার বাবার নাম আবদুল মহম্মদ । আফগানিস্তানের কাবুলের পাটকিকা , ইউসুফ খেল এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি কালিম্পং থানার অন্তর্গত হাটবাজার এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করছিল।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন আফগান নাগরিক এবং বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল বলে অভিযোগ ।
এরপর ওই ব্যক্তিকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য কালিম্পংয়ের সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয় । তার ভারতে প্রবেশ এবং বসবাস সংক্রান্ত নথিপত্র নিয়েও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
