শিলিগুড়ি , ৫ জুলাই : কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটনের উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ । তিনি বলেন , মিরিক ও কালিম্পংকে পর্যটনের মানচিত্রে আরও আকর্ষণীয় করে তুলতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্পের জন্য ডিপিআর জমা দেওয়া হবে।
মন্ত্রী জানান , মিরিক লেককে কেন্দ্র করে সৌন্দর্যায়ন , আবাসন নির্মাণ, পর্যটন পরিকাঠামো উন্নয়ন এবং অ্যাক্টিভিটি-ভিত্তিক পর্যটনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পর্যটন কেন্দ্রের ক্যারিয়িং ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট করা হবে, যাতে অতিরিক্ত পর্যটকের চাপে পরিবেশ ও পরিকাঠামোর ক্ষতি না হয়।
হোমস্টে নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শঙ্কর ঘোষ বলেন , হোমস্টের কক্ষসংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে । নতুন গাইডলাইন তৈরির আগে হোমস্টে মালিক , হোটেল ব্যবসায়ী , ট্যুর অপারেটর ও পরিবহণ সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে ।
পর্যটকদের সুবিধার জন্য রাজ্য জুড়ে একটি ট্যুরিস্ট হেল্পলাইন এবং একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। ওই অ্যাপে সরকার-নথিভুক্ত হোটেল, হোমস্টে, ট্যুর অপারেটর ও পরিবহণ পরিষেবার তথ্য পাওয়া যাবে, যাতে পর্যটকদের হয়রানি কমে।
