শিলিগুড়ি , ১৪ নভেম্বর : লড়াইয়ের অবসান , বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতি পাওয়ার স্মৃতি উদযাপনে মেতে উঠল শিলিগুড়িও । রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেবক মোড়ে আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি ।
এদিন পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো প্রায় ২০ হাজারেরও বেশি রসগোল্লা । বাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টির স্বীকৃতি ও জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিতেই এই উদ্যোগ । এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ । শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয় , নিজেই পথচলতি মানুষের হাতে রসগোল্লা তুলে দেন তিনি।
পাশাপাশি নিজেও রসগোল্লার স্বাদ উপভোগ করেন । মন্ত্রী জানান , রসগোল্লা তার অত্যন্ত প্রিয় । বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টিকে ঘিরে এমন উদ্যোগের প্রশংসাও করেন তিনি । এদিনের অনুষ্ঠানে বাংলার মিষ্টিকে পর্যটনের সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন পর্যটনমন্ত্রী । তার বক্তব্য , আগামী দিনে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাংলার রসগোল্লাকে বিশেষভাবে প্রমোট করার পরিকল্পনা রয়েছে ।
পর্যটন হাবগুলিতে রসগোল্লা রাখার পাশাপাশি বাংলার অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গেও এই মিষ্টিকে তুলে ধরা হবে । এর জন্য পর্যটন দফতরের তরফে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।
অন্যদিকে , শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি বিজয় ধর এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন । তিনি জানান , বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতির স্মৃতিকে সামনে রেখে রসগোল্লা দিবস উদযাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে । এদিন ২০ হাজারেরও বেশি রসগোল্লা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে । তার কথায়,বাংলার ঐতিহ্য ও মিষ্টির গৌরবকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে,সেবক মোড়ে এদিন শুধু মিষ্টি বিতরণই নয়,বাংলার খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনের এক বিশেষ ছবি ধরা পড়ল।
