Khabar Samay Bangla Blog ঘটনা Arrest : মদ্যপ অবস্থায় স্কুল ক্যাব চালানোর অভিযোগ
ঘটনা

Arrest : মদ্যপ অবস্থায় স্কুল ক্যাব চালানোর অভিযোগ

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : দিনের আলোয় মদ্যপ অবস্থায় স্কুল ক্যাব চালানোর অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় দুর্ঘটনার আশঙ্কা এড়ানো সম্ভব হল । ঘটনায় খুদে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ।

সূর্যসেন কলোনির সূর্যসেন কলেজ সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিদিন বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন ক্যাব চালক স্বপন দে | যার বাড়ি ডিএস কলোনি এলাকায় । মঙ্গলবারও প্রতিদিনের মতো স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

অভিযোগ, নতুন নৌকাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন , ক্যাবটি বেসামালভাবে জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে । সন্দেহ হওয়ায় তারা গাড়িটি থামিয়ে দেখেন , চালক মদ্যপ অবস্থায় প্রায় অচেতন । সেই সময় গাড়ির মধ্যে বেশ কয়েকজন খুদে পড়ুয়া উপস্থিত ছিল।

এরপর স্থানীয়রা সঙ্গে সঙ্গে গাড়িটি আটকে এনজেপি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা ঘটনাস্থলে পৌঁছালে শিশুদের তাদের হাতে তুলে দেওয়া হয়। কয়েকজন পড়ুয়াকে পুলিশ নিজেদের গাড়িতে করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । তাদের দাবি , স্কুল পড়ুয়াদের নিরাপত্তার ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও চালকদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা উচিত।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে , ঘটনার খবর তারা পেয়েছে । অভিযুক্ত ক্যাব চালকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version