শিলিগুড়ি , ২৫ এপ্রিল : ভারত-নেপাল সীমান্তে তৎপরতার জেরে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। রাণিডাঙ্গার ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পানিট্যাঙ্কির নিউ মেচি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২১,৫০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে । এই ঘটনায় এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে ।
এসএসবি সূত্রে জানা গিয়েছে , ২৪ এপ্রিল দুপুর প্রায় ১ টা ৪০ মিনিট নাগাদ প্রতিদিনের মত তল্লাশি চালাচ্ছিল পানিট্যাঙ্কির ‘ডি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম । সেই সময় এলসিএস রুট দিয়ে ভারত থেকে আসা একটি গাড়িকে আটকে তল্লাশি করা হয় । গাড়িটিতে চালক -সহ মোট চারজন যাত্রী ছিলেন ।
তল্লাশির সময় এক যাত্রীর কাছ থেকে ১০০ ডলারের ২১৫টি নোট , মোট ২১ , ৫০০ মার্কিন ডলার উদ্ধার হয় । ধৃত ব্যক্তির নাম বরেলি বিনোদ | তিনি মার্কিন নাগরিক হলেও মূলত নেপালের বাসিন্দা । জিজ্ঞাসাবাদের সময় তিনি ওই বিদেশি মুদ্রার বৈধ কাগজপত্র বা ঘোষণা পেশ করতে পারেননি , ফলে বিষয়টি সন্দেহজনক বলে মনে হয় ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , বরেলি বিনোদ গত ১৮ মার্চ আমেরিকা থেকে নয়াদিল্লিতে আসেন এবং পরবর্তীতে দিল্লি ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছিলেন । এরপর তিনি নেপালের একটি অনাথ আশ্রমেও গিয়েছিলেন । ২৪ এপ্রিল তিনি পুনরায় নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন , সেই সময়ই এসএসবি তাকে আটক করে ।
এসএসবি কর্তৃপক্ষ জানিয়েছে , উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা কাস্টমস অ্যাক্ট , ১৯৬২-এর ১১০ ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে । পরে ধৃত ব্যক্তি ও বাজেয়াপ্ত অর্থকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পানিট্যাঙ্কি কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এই অভিযানে একজন সাব-ইন্সপেক্টর (SI), একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) এবং আরও তিনজন জওয়ান অংশ নেন।
সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার রাখতে এসএসবি সর্বদা সতর্ক রয়েছে এবং এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ।
